এন্ডারসনের কঠিন দুই ব্যাটসম্যান পন্টিং, আমলা

আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ১৭:২৪
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ও দক্ষিণ আফ্রিকার বর্তমান খেলোয়াড় হাশিম আমলাকে বোলিং করা কঠিন বলে জানালেন ইংল্যান্ড পেসার জেমস এন্ডারসন। তিনি বলেন, ‘পন্টিং ও আমলাকে বোলিং করার জন্য অনেক পরিকল্পনা হাতে রাখতে হতো। তাদের বিপক্ষে বোলিং করা সহজ ব্যাপার নয়।’
 
টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলিয়ে ৫৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে ২০১২ সালে ক্রিকেটকে বিদায় জানান পন্টিং। এসময় তার রান ছিলো ২৭,৪৮৩। অপরদিকে এখনো আন্তর্জাতিক অঙ্গনে তারকা খেলোয়াড়দের মধ্যে অন্যতম- আমলা। ২৯১টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে তিন ফরম্যাট মিলিয়ে তার রান ১৫,৯০২। 
 
এই দু’জন ব্যাটসম্যানের বিপক্ষে বল করতে হিমশিম খেতেন এন্ডারসন। এমনটাই জানালেন তিনি, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে অনেক বেশি ভয়ংকর ছিলো পন্টিং। তার বিপক্ষে বল করে সাফল্য পাওয়া যেতো না। সে মূলত সেরা বলকে খুব ভালোভাবে সামলাতো এবং বোলারের আত্মবিশ্বাসকে নষ্ট করে দিতো। আর আমলাকেও বল করা কঠিন। বিশেষভাবে টেস্ট ক্রিকেটে। এই ফরম্যাটে তাকে আউট করা বা তার উপর আধিপত্য করা মোটেও সম্ভবপর নয়।’
 
আগামী জুলাইয়ে আমলার মুখোমুখি হতে যাচ্ছেন এন্ডারসন। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ঐ সিরিজকে সামনে রেখে নিজেকে তৈরি করছেন এন্ডারসন। আসন্ন সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি, ‘আসন্ন সিরিজটি অনেক বেশি প্রতিন্দন্দ্বিতাপূর্ণ হবে। দক্ষিণ আফ্রিকা অনেক শক্তিশালী দল। বিশেষভাবে সাম্প্রতিক সময়ে টেস্ট ফরম্যাটে দুর্দান্ত পারফরমেন্স করছে তারা। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়েছিলো প্রোটিয়ারা। আমরাও প্রস্তুত, ভালো পারফরমেন্স করার জন্য। স্বাগতিক হিসেবে আমরা কিছুটা এগিয়েই থাকবো।’
 
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারী এখন এন্ডারসন। ১২২ ম্যাচে তার শিকার ৪৬৭ উইকেট । বর্তমানে টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় পঞ্চমস্থানে রয়েছেন আমলা। বাসস।
 
ইত্তেফাক/রেজা