রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানেই দেশের উন্নয়ন হওয়া। শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় এসে প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছে।'
তিনি বলেন 'দেশের টাকায় তৈরি হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। রেল, সড়ক, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও তথ্য প্রযুক্তিসহ সব ক্ষেত্রেই আজ উন্নয়নের জোয়ার বইছে।'
শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের ভাটবাড়ী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেলমন্ত্রী।
'জামায়াত বিএনপি ক্ষমতায় থাকাকালে সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে' উল্লেখ করে তিনি বলেন, 'লুটপাটের কারণে অসংখ্য রেলস্টেশন বন্ধ করে দেয়া হয়েছিল। আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় এসে সার সহ কৃষি উপকরণ কৃষকের ক্রয় ক্ষমতার মাঝে নিয়ে আসে।'
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগ নেতা আলী হোসেন চেয়ারম্যান, চৌদ্দগ্রাম পৌরসভা মেয়র মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, বাতিসা ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম খন্দকার, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, মিয়াবাজার কলেজের অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, কালিকাপুর ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহম্মদ, মিঞা মো. নাছির উদ্দিন আহমদ, মাষ্টার ওয়ালী উল্যাহ, আলী আশ্রাফ, আনোয়ার হোসেন, মিয়া নিজাম উদ্দিন, জসিম উদ্দিন সর্দার, জহির উদ্দিন পিন্টু, শাহ আলম মেম্বার, হারুন-অর-রশিদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
ইত্তেফাক/জামান
