শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নিরবিচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন এলাকায় ১৩টি নতুন বাফার গোডাউন নির্মাণ করা হবে।
তিনি বলেন, এক সময় সারের দাবির কারণে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হলেও আওয়ামী লীগ সরকারের আমলে গত ৮ বছরে দেশের কোথাও সারের কোনো সংকট হয়নি।
শনিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর ২৩তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর চেয়ারম্যান ও সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মো. মোমেন সরকার। এতে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল প্রমুখ বক্তব্য রাখেন।
আমির হোসেন আমু বলেন, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার সারখাতে বিপুল পরিমাণে ভতুর্কি দিচ্ছে। এখাতে ২০১৪-১৫ অর্থবছরে ৩ হাজার ২৮১ কোটি ৭২ লাখ এবং ২০১৫-১৬ অর্থবছরে ২ হাজার ২ কোটি ৪৬ লাখ টাকা ভতুর্কি দেয়া হয়েছে। জাতীয় স্বার্থে ভর্তুকির এ ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে। বাসস
ইত্তেফাক/ইউবি
