ফরিদপুর টাউন থিয়েটারের ১৪৩বছর পূর্তি

আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ১৯:১০
 
ফরিদপুর টাউন থিয়েটারের ১৪৩ বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব।
 
শনিবার দুপুরে এই উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশররফ হোসেন।
 
শহরের ঐতিহাসিক টাউন থিয়েটার হলে জাতীয় পতাকা, বেলুন ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন মন্ত্রী। এর আগে সংগঠনের ১৪৩ বছর পূর্তি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 
 
পরে হলের মঞ্চে সংগঠনের সভাপতি ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন। অন্যান্যের মধ্যে কোলকাতা থেকে আগত সাবেক এমএলএ জীবন কৃষ্ণ সাহা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, থিয়েটারের সম্পাদক দেবব্রত দাস কানাই প্রমুখ।
 
উল্লেখ্য. ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত টাউন থিয়েটারের মঞ্চে শনিবার সন্ধ্যায় ভারতের অম্বেষা নাট্য সংঘের নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হবে সাতদিন ব্যাপী নাট্যোৎসব। যেখানে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থান ও ভারতের পশ্চিম বাংলা থেকে মোট নয়টি সংগঠন অংশ নিবে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক শুরু হবে। আগামী ২১ এপ্রিল শুক্রবার উৎসব শেষ হবে।
 
ইত্তেফাক/জামান