ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, স্নায়ুতন্ত্র সংক্রান্ত জটিলতা নিরসনে বিশ্ব মানের গবেষণা দরকার।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘বাংলাদেশে নিউরোসায়েন্স গবেষণা’ শীর্ষক প্রথম জাতীয় সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
উপাচার্য এ সময় নিউরোসায়েন্স বিষয়ক মৌলিক ও ক্লিনিক্যাল গবেষণার ওপর গুরুত্বারোপ করে বলেন, মানুষের মস্তিস্ক সংক্রান্ত রোগ উপশমের লক্ষ্যে নিউরোসায়েন্স বিষয়ে আরো সমন্বিত গবেষণা কার্যক্রম প্রয়োজন।
এজন্য তিনি চিকিৎসক, শিক্ষাবিদ ও গবেষকদের প্রতি আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগিতায় নিউরোসায়েন্স রিসার্চ সেন্টার এই সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। বাসস।
