সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে পালিত হলো বাংলা নববর্ষ-১৪২৪। নববর্ষকে স্বাগত জানাতে হাই কমিশনারের বাসভবন ‘বাংলাদেশ হাউজ’ প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি নাগরিক এবং তাদের পরিবারের সদস্যরা বর্ণিল পোশাকে অনুষ্ঠানে উপস্থিত হন। শতাধিক অতিথির অংশগ্রহণে প্রাঙ্গণটি উৎসবমুখর হয়ে উঠে।
আবহমান বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে অনুষ্ঠান প্রাঙ্গণ এবং মঞ্চ ঐতিহ্যবাহী আল্পনা, নকশা, জামদানি এবং বাংলাদেশি চিত্রকলা দিয়ে সাজানো হয়।
হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান এবং তার সহধর্মিনী তানজিনা বিনতে আলমগীর অতিথিদেরকে স্বাগত জানান এবং নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রসহ লোকগীতি, দেশাত্ববোধক গান ও জাগরণী সঙ্গীত পরিবেশন করা হয়। অতিথিদের হরেক রকমের দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। IMG0
খাবারের তালিকায় ছিল- বাঙালির প্রিয় খিঁচুড়ি, ইলিশ মাছ, বিভিন্ন পদের মাংস, ভর্তা, ভাজি, রকমারী পিঠা, পায়েস, মিষ্টান্ন, চটপটি, ফুচকা, মুড়ি-মুড়কি, খই, বাতাসা, দই, ঘোলের শরবত, জিলাপীসহ আরও কয়েকটি পদ। অনুষ্ঠান শেষে হাই কমিশনার অতিথিদের ধন্যবাদ জানান।
