চট্টগ্রামে বর্ণাঢ্য বর্ষবরণ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ২৩:৫৪

বর্ণাঢ্য আয়োজনে বন্দর নগরী চট্টগ্রামে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে নগরবাসী। নজরুল স্কোয়ার, শিরীষতলা এবং চারুকলা ইনস্টিটিউট, চুয়েটসহ নানা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বৈশাখকে বরণ করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গানসহ নানা অনুষ্ঠানে সংস্কৃতিপ্রিয় মানুষের উপচেপড়া ভিড় ছিলো চোখে পড়ার মতো।

বৈশাখের সকালে উস্তাদ স্বর্ণময় চক্রবর্তী ‘বিলাসখানী টোড়ী’ রাগের খেয়ালের মধ্য দিয়ে নজরুল স্কোয়ারে ১৪২৪ সনের প্রথম প্রহরকে বরণ করা হয়। এরপর সেখানে ‘পহেলা বৈশাখ বাঙালির উত্সব, সবার যোগে জয়যুক্ত হোক’ শিরোনামে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ দিনব্যাপী উত্সব পালন করে। দিনভর গান, নাচ ও কবিতা আবৃতি উত্সব প্রাঙ্গণ মাতিয়ে রাখে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ উত্সবে যোগ দিয়েছিলেন।

উত্সবে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির বলেন, ‘পহেলা বৈশাখ সংস্কৃতির প্রাণ। সংস্কৃতিচর্চায় যারা বাধা দেয় তারা কখনো দেশের মঙ্গল চায় না।

‘এসো হে বৈশাখ এসো এসো’ শ্লোগানকে ধারণ করে সিআরবির শিরীষতলায় সকালে ভায়োলিনিস্ট চিটাগাং এর বেহালার সুরে বৈশাখকে বরণ করে নেয়া হয়। সাতরাস্তার মোড়ের খোলা মাঠে আয়োজিত এই উত্সবে মূল আকর্ষণ ছিল সাহাবউদ্দিনের বলী খেলা। এবারের খেলায় শামছু বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রামুর দিদার বলী। দিনব্যাপী বৈশাখকে স্বাগত জানিয়ে নানা আয়োজন ছিলো এখানে। সকালে মঙ্গল শোভাযাত্রা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট।

নগরীর বাদশা মিঞা সড়কে অবস্থিত ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কাজির দেউড়ি-জামালখান-চেরাগী পাহাড় মোড় হয়ে ডিসি হিলে গিয়ে শেষ হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করা হয়। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে জারুলতলায় গিয়ে শেষ হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ছাড়াও অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া দিনব্যাপী চট্টগ্রাম প্রেসক্লাব, চুয়েট, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানমালায় নববর্ষকে বরণ করা হয়।

গতকাল শনিবার জিপিএইচ গ্রুপের উদ্যোগে নতুন বছরকে বরণ করা হয়। অনুষ্ঠানে জিপিএইচের নির্বাহী পরিচালক- গ্রুপ আবু বকর সিদ্দিক এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. সালেহ জহুর, মিডিয়া উপদেষ্টা ওসমান গনি চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু