বেতাগীতে দ্বিতীয় টাউন ব্রিজের নির্মাণ সম্পন্ন হলে উন্নয়নে যোগ হবে নতুন মাত্রা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ০১:০৯

বেতাগী দ্বিতীয় টাউন ব্রিজ নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এর ফলে যোগাযোগের ক্ষেত্রে উন্মোচিত হবে নতুন মাত্রা। এতে পৌরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমবে। স্থানীয়দের আর যানজটের শিকার হতে হবে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৌরবাসীর চলাচলের সুবিধার্থে বরগুনা জেলা পরিষদ বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পল্লি সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির অধীনে চলতি ২০১৫-১৬ অর্থবছরে শুরুর দিকে ব্র্রিজ নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু সময় মতো ঠিকাদার কাজ শুরু না করায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছিল। অবশেষে ২৭ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি শুরু করে। দ্রুত সময়ে কাজটি করায় বর্তমানে সম্পন্ন হওয়ার পথে। এতে স্থানীয়দের মাঝে আশার সঞ্চার হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগে এখানে ব্র্রিজের অভাবে চরম দুর্ভোগের শিকার হতো। সবচেয়ে ভোগান্তি পড়তে হতো শিক্ষার্থী এবং রোগী বিশেষ করে গর্ভবতী নারীদের। এ কারণে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ একটি ব্র্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিল।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, দ্বিতীয় টাউন ব্রিজ নির্মাণের ফলে শহরের দুই পাড়ের বিভিন্ন ওয়ার্ডের নানা শ্রেণির বাসিন্দারা এখন দ্রুত সময়ে  হাসপাতাল, কচুয়া ফেরিঘাট, বাসস্ট্যান্ড, সরকারি কলেজ ও নাগরিক সুবিধা নিতে পৌরসভায় পৌঁছতে পারবে। বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির বলেন, এ ব্রিজ পৌরবাসীর যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা সৃষ্টি করবে।

ইত্তেফাক/নূহু