দফায় দফায় বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় টাঙ্গাইলের সখীপুরের গজারিয়া ও দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের পোস্টার নষ্ট হয়ে গেছে। এই দুই ইউপি নির্বাচনের ভোট গ্রহণের আগে পোস্টার নষ্ট হওয়ায় প্রার্থীরা বিপাকে পড়েছেন। শনিবার সন্ধ্যা থেকেই সখীপুরে ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়েছে। দিবাগত মধ্য রাত থেকে তা আরো তীব্র হয়। কখনও হালকা, কখনও দমকা হাওয়াসহ ভারী বর্ষণ হচ্ছে। বৈরী আবহাওয়ার মধ্যেই রবিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।
এদিকে, গত দুই দিনের ঝড় আর বৃষ্টিতে প্রার্থীদের টাঙানো পোস্টারের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে প্রায় সব পোস্টারই ধুয়ে গেছে। পোস্টার না থাকলেও ঝুলছে খালি রশি। সখীপুরের গজারিয়া ও দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রচারণা শুরু হওয়ার পরপরই নির্বাচনী এলাকাজুড়ে শোভা পাচ্ছিল প্রার্থীদের সাদাকালো পোস্টার।
কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে পোস্টারগুলোর অধিকাংশই ছিঁড়ে মাটিতে পড়ে সব ফঁকফকাঁ হয়ে গেছে। একাধিক প্রার্থীর কর্মী-সমর্থকরা জানান, তাদের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঝুলানো পোস্টারগুলোর সবই বৃষ্টিতে ধুয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রাতভর বৃষ্টি না থামায় নতুন পোস্টারও ঝোলাতে পারেননি তারা। রবিবার ভোট গ্রহণের দিনও ঝড় বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে এরই মধ্যে কোন কোন প্রার্থীর কর্মী ও সমর্থকদের কিছুটা কৌশল অবলম্বন করতে দেখা গেছে। এক্ষেত্রে পোস্টারগুলোকে বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য পলিথিনে মুড়িয়ে ঝোলানোর ব্যবস্থা করছেন তারা।
অন্যদিকে ভোট গ্রহণ শুরু হলেও ঝড়-বৃষ্টির কারণে কেন্দ্রে ভোটারের উপস্থিত তেমন দেখা যাচ্ছে না। কিছু সংখ্যক ভোটারদের ছাতা মাথায় দিয়ে ভোট কেন্দ্রে আসতে দেখা গেলেও সে তুলনায় নারী ভোটার নগণ্য। উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সিদ্দিকা বলেন, অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। তবে এ মুহূর্তে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও আবহাওয়া স্বাভাবিক হলে উপস্থিতি বাড়বে বলেও জানান তিনি।
ইত্তেফাক/রাফাত
