ভোলার ৩ ইউপিতে ভোটগ্রহণ চলছে

আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১১:০০
ভোলার দৌলতখান ও মনপুরা উপজেলার তিনটি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতির সংখ্যা বেড়ে যাচ্ছে।
 
রবিবার সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বেলা চারটা পর্যন্ত। এ নির্বাচনে তিনটি ইউনিয়নের মধ্যে মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়ন ও দৌলতখানের সৈয়দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া দৌলতখান উপজেলার হাজিপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগ সভাপতি হামিদুর রহমান টিপু।  ইউপি সদস্য পদে অংশগ্রহণ করছে প্রায় অর্ধশতাধিক প্রার্থী।
 
এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন জানান, সুষ্ঠু সুন্দর নির্বাচন সম্পন্ন করা জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসনের পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়াও নিরাপত্তায় রয়েছে বিজিবি, র্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্যরা।
 
জেলা নিবার্চন অফিসার মো. হেলাল উদ্দিন জানান, নির্বাচনকে সুষ্ঠু সুন্দর ও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করছি একটি উত্সবমুখর পরিবেশে ভোটগ্রহন  শেষ হবে।