স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে দুটি ম্যাচ বিপরীতমুখি গতিতে এগুচ্ছে। গতকাল তৃতীয় দিনের খেলা শেষে সিলেটে ওয়ালটন মধ্যাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ম্যাচে জয়ের হাতছানি রয়েছে দুই দলের সামনেই। আজ ম্যাচের শেষ দিনে জয়ের জন্য দক্ষিণাঞ্চলের প্রয়োজন ২২৮ রান। হাতে রয়েছে আট উইকেট। অন্যদিকে জয় নিশ্চিত করতে মধ্যাঞ্চলের নিতে হবে দক্ষিণাঞ্চলের শেষ আট উইকেট। চতুর্থ দিনের উইকেট বলে দক্ষিণাঞ্চলের কাজটা কঠিনই হবে।
মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ২৬৪ রানে। জয়ের জন্য দক্ষিণাঞ্চলের টার্গেট দাঁড়ায় ২৬৬ রান। শেষ বিকেলে দুই উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে দক্ষিণাঞ্চল। শাহরিয়ার নাফিস ১১ ও তুষার ইমরান ১০ রানে ব্যাট করছেন।
রাজশাহীতে নিস্তরঙ্গ ড্রয়ের পথে হাঁটছে বিসিবি উত্তরাঞ্চল- ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ম্যাচ। তৃতীয় দিন শেষেও দুদলের প্রথম ইনিংস শেষ হয়নি। উত্তরাঞ্চলের ৪৪৫ রানের জবাবে গতকাল দিনের খেলা শেষে প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের সংগ্রহ সাত উইকেটে ৩৮০ রান। এখনও ৬৫ রানে পিছিয়ে দলটি। ফরহাদ রেজা ৫৫ ও এনামুল হক জুনিয়র ২৫ রানে অপরাজিত রয়েছেন।
সিলেটে গতকাল আগের দিনের বিনা উইকেটে ২ রান নিয়ে খেলতে নামে মধ্যাঞ্চল। এদিন ২৬২ রান যোগ করতে সমর্থ হয় দলটি। রান পেয়েছেন ওপেনার লিটন দাস। তিনি ৮৪ রান করেন। মিডল অর্ডারে শুভাগত হোম ৩৬, নাজমুল শান্ত ২৪ রান করেন। এছাড়া মিডল অর্ডারে আর কেউ সুবিধা করতে পারেননি। তবে ১৮৫ রানে নয় উইকেট পতনের পর লোয়ার অর্ডারে প্রতিরোধ গড়েন শহীদুল ও রবিউল। তাদের ৭৯ রানের জুটিতে আড়াইশ ছাড়ায় মধ্যাঞ্চলের সংগ্রহ। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া রবিউল ৩৭ রান করেন। শহীদুল ৪১ রানে অপরাজিত ছিলেন। দক্ষিণাঞ্চলের মেহেদী হাসান পাঁচটি, রাজ্জাক-শফিউল দুটি করে ও রুবেল একটি উইকেট পান।
২৬৬ রানের টার্গেটে খেলতে দক্ষিণাঞ্চলের শুরুটা ভালো হয়নি। আবু হায়দার রনির তোপে ২৭ রানেই বিজয় (৫) ও ফজলে মাহমুদ (১১) সাজঘরে ফিরেন। দিনের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস ও তুষার ইমরান। জয়ের জন্য আজ তাদের ব্যাটের পানেই চেয়ে থাকবে দক্ষিণাঞ্চল।
রাজশাহীতে কুয়াশার কারণে গতকাল সারা দিনে খেলা হয়েছে ৭০.৩ ওভার। এদিন আরও তিন উইকেট হারিয়ে ২৫৫ রান যোগ করেছে পূর্বাঞ্চল। গতকাল প্রথম ঘন্টায় তাসামুলের উইকেট হারিয়েছিল দলটি। তিনি ৩৭ রান করেন। ষষ্ঠ উইকেটে ইয়াসির আলী ও সাইফউদ্দিন ১১৩ রানের জুটি গড়েন। সাইফউদ্দিন ৬৪ রান করেন। দলীয় ৩১৭ রানে আউট হওয়া ইয়াসির আলী নার্ভাস নাইনটিজের শিকার হন। ৯৪ রান করে শুভাশীষের বলে উইকেটের পেছনে জহুরুলের হাতে ক্যাচ দেন তিনি। পরে আর বিপদ হতে দেননি ফরহাদ রেজা ও এনামুল জুনিয়র। অষ্টম উইকেটে ৬৩ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থেকে দিনের খেলা শেষ করেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার।
সংক্ষিপ্ত স্কোর
ওয়ালটন মধ্যাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল
মধ্যাঞ্চল: ২৮২ ও ২৬৪, ৭৬.৪ ওভার (লিটন দাস ৮৪, শহীদুল ৪১*, রবিউল ৩৭, শুভাগত হোম ৩৬, নাজমুল শান্ত ২৪; মেহেদী হাসান ৫/৭২, শফিউল ২/৬১, রাজ্জাক ২/৬৩, রুবেল ১/৩৫)
দক্ষিণাঞ্চল: ২৮১ ও ৩৮/২, ৯ ওভার (শাহরিয়ার নাফিস ১১*, তুষার ইমরান ১০*, ফজলে মাহমুদ ১১, বিজয় ৫; আবু হায়দার ২/১৭)
বিসিবি উত্তরাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল
উত্তরাঞ্চল: ৪৪৫
পূর্বাঞ্চল: ৩৮০/৭, ১০৬.৩ ওভার (ইয়াসির আলী ৯৪, সাইফউদ্দিন ৬৪, ফরহাদ রেজা ৫৫*, এনামুল জুনিয়র ২৫*, তাসামুল ৩৭; এবাদত হোসেন ৩/৭৬, সানজামুল ২/৭৮, জিয়াউর ১/৪২, শুভাশীষ ১/১১৩)
