মুক্তিযুদ্ধে বৃহত্তর নোয়াখালীর বিএলএফ'র (মুজিব বাহিনী) ডেপুটি কমান্ডার আলহাজ্ব অ্যাডভোকেট মমিন উল্লাহ'র (৭৩) জানাজা শেষে রবিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
তিনি দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মুক্তিযোদ্ধা মমিন উল্লাহ তার রাজনৈতিক জীবনে ১৯৭০-৭১ সালে বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৭৩-৭৭ সাল পর্যন্ত নোয়াখালী জেলা জাসদের সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে প্রায় একযুগ দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, জেলা শহীদ সার্জেন্ট জহুরুল হক ও অহিদুর রহমান অদুদ স্মৃতি সংসদের সভাপতি এবং সদর উপজেলার নেয়াজপুরের ভুলুয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভুলুয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার দায়িত্ব পালন সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।
ইত্তেফাক/জামান
