ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশীদের নিয়ে আবহমান বাংলার অসাম্প্রদায়িক চেতনার সার্বজনীন উৎসব পহেলা বৈশাখে উদযাপন করা হয়েছে।"তাপস নিশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে.." এই শিরোনামে দূতাবাস আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে শনিবার বাংলা নববর্ষ-১৪২৪ উদযাপন করেছে ।
নববর্ষ উদযাপনের এ উৎসবে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এবং তাদের ফরাসি বন্ধুবান্ধব যোগদান করে। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। আগত অতিথিদের আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলা নববর্ষ-১৪২৪ উদযাপনের অন্যতম প্রধান অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো বিশ্বমানবতার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি লাভ করায় এ বছরের বাংলা নববর্ষ উদযাপন একটি নতুন মাত্রা লাভ করেছে। তিনি বাংলা নববর্ষ উদযাপনের মাধ্যমে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদেরকে ফ্রান্সে বাংলাদেশের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সহনশীলতার ভাবমূর্তি তুলে ধরার আহবান জানান ।
IMG0
বাঙালির আবহমানকালের ঐতিহ্যের ধারক ও বাহক বাংলা নববর্ষ-১৪২৪ উদযাপনকে ঘিরে গান, কবিতা আবৃত্তিসহ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সূচনা সঙ্গীত হিসেবে শুরুতেই সম্মিলিত কণ্ঠে গাওয়া হয় ''এসো, হে বৈশাখ, এসো, এসো'' গানটি, যা উৎসবের আমেজকে প্রাণবন্ত করে তোলে। অতঃপর বিষয়ভিত্তিক গান ও কবিতা আবৃত্তির পাশাপাশি নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। গান ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন ডঃ আবু সায়ীদ জামাল, দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর ফিরোজ উদ্দিন ও প্রথম সচিব ফারহানা আহমেদ চৌধুরী, গৌতম বিশ্বাস, ইশরাত খান ফ্লোরা, এমি করিম মিন্টু, অনুভব বড়ুয়া, নাজমা আহমেদ নিঝুম, নাজিব শফি, আয়েশা বুলবুলি, বৃন্ত খান, উজমা, পারিসা, ইফাস ইসলাম ও রাফিসা । অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন দূতাবাসের কাউন্সিলর ও চ্যান্সেরি প্রধান হযরত আলী খান।
IMG1
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদেরকে দূতাবাস পরিবারবর্গ কর্তৃক পরিবেশিত ঐতিহ্যবাহী বাংলাদেশের খাবার পিঠা, বিভিন্ন ধরণের ভর্তা, দেশিও সাদা ভাত, মাছ, ডাল, ঝালমুড়ি, জিলাপি ইত্যাদি পরিবেশন করা হয়। বাংলাদেশ থেকে আগত ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, আফ্রিকায় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর দায়িত্বে নিয়োজিত মেজর রেজা, ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ কমিউনিটি নেতৃবৃন্দরা এ অনুষ্ঠানে যোগ দেন।-প্রেস রিলিজ।
ইত্তেফাক/সাব্বির
