প্রবাসী বাংলাদেশিদের অংশ্রগ্রহণে এথেন্সে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে নববর্ষ উদযাপিত হয়েছে।
শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দূতাবাস প্রাঙ্গণে বাংলা বর্ষবরণের লক্ষ্যে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাংলাদেশি খাবার উৎসবের সঙ্গে বৈশাখী মেলা আয়োজন করা হয়। গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন দূতাবাস প্রাঙ্গণে বর্ষবরণ মেলার উদ্বোধন করেন। সকাল থেকেই দূতাবাস প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশিরা ভিড় জমান।
দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দূতাবাসের সদস্য, স্থানীয় দোয়েল সাংস্কৃতিক সংগঠনের শিল্পী এবং শিশু-কিশোররা বৈশাখী ও লোকজ সংগীত, কবিতা, নৃত্য ইত্যাদি পরিবেশন করেন। মেলায় আগমনকারীরা বিভিন্ন স্টলে বাংলাদেশি পণ্য দর্শন এবং বাংলাদেশি খাবার আস্বাদন করেন।
এ বছর প্রথমবারের মত আয়োজন করা হয় বৈশাখী মঙ্গল শোভাযাত্রা। বিপুল উৎসাহে প্রবাসী বাংলাদেশিরা বাদ্যযন্ত্র সহকারে এ শোভাযাত্রায় অংশ নেয়। এছাড়া, দূতাবাসে একটি র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত ও তার পত্মী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
