রবিবার রাত ৯টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলাস্থ কুষ্টিয়া বিজিবি সেক্টর ক্যান্টিনের সামনে দুই মটর সাইকেলের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক সিঙ্গাপুর প্রবাসীসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতরা হলেন, উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়া গ্রামের মতিয়ার রহমান (৪০), জনি (১৭), ধুবইল ইউনিয়নের গেটপাড়া গ্রামের মনোহরের ছেলে সিঙ্গাপুর প্রবাসী আব্দুর রাজ্জাক (২৮) ও ধুবইল গেটপাড়ার তেজদ্দিনের ছেলে জনি (২৭)।
উল্লেখিত ৪ জনের মধ্যে প্রথম ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
জানা যায়,কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বন্ধুর স্ত্রীর জন্য রক্ত দিয়ে ৬ জন ৩টি মটর সাইকেলে কুষ্টিয়া থেকে ধুবইল গ্রামে ফিরছিল। এ সময় উল্লেখিত কুষ্টিয়া বিজিবি সেক্টর ক্যান্টিনের কাছে পৌছুলে পাশের শিমুলিয়া সড়ক থেকে ৩ জন যাত্রীবাহী অপর এক মটর সাইকেলে সড়কটিকে ওঠার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে মতিয়ার, জনি ও আব্দুর রাজ্জাকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
ইত্তেফাক/নূহু
