রিশা হত্যার বিচার শুরু

আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১৩:৫৭
 
রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার বিচারকাজ শুরু হলো। সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আবুল কাশেম আগামী ৮ মে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
 
মামলার একমাত্র আসামি ওবায়দুল খানকে আদালতে হাজির করা হয়। আদালতে হাজির ছিলেন রিশার মা তানিয়া হোসেনও।
 
উল্লেখ্য, গত ২৪ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর কাকরাইলে বখাটে ওবায়দুলের ছুরিকাঘাতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশা গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় গত ২৮ আগস্ট তার মৃত্যু হয়। তার বাবা মো. রমজান আলী একজন কেবল ব্যবসায়ী। রাজধানীর বংশালে তারা সপরিবারে বসবাস করেন।
 
এ ঘটনায় স্কুলছাত্রীর মা তানিয়া হোসেন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন। আসামি ওবায়দুল ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলার্সের কাটিং মাস্টার ছিল।
 
গত ৩১ আগস্ট সকালে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় বাজার থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ওবায়দুলকে গ্রেফতার করে ঢাকায় আনে পুলিশ। ওবায়দুলের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে। পরের দিন তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডের প্রথম দিন ওবায়দুল খান রিশাকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন। ওবায়দুল বর্তমানে কারাগারে আটক রয়েছেন।