চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দলের তারকা স্ট্রাইকার গ্যারেথ বেল মনে করেন ইউরোপের সর্বোচ্চ এই প্রতিযোগিতাটি শুধুমাত্র মাদ্রিদেরই।
ইউরোপের প্রিমিয়ার ক্লাব প্রতিযোগিতায় মাদ্রিদই সবচেয়ে সফল দল হিসেবে ইতোমধ্যেই নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গত মৌসুমে তারা ১১ বারের মত চ্যাম্পিয়নস লীগের শিরোপা জয় করে। ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে পেনাল্টি শ্যুট আউটে পরাজিত করে শিরোপা জিতে গ্যালাক্টিকোরা। এবারের আসরে বুন্দেসলিগা চ্যাম্পিয়নস বায়ার্ন মিউনিখকে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে মাদ্রিদ।
স্থানীয় গণমাধ্যমে ওয়েলস তারকা বেল বলেছেন, ‘এটা সবসময়ই রিয়াল মাদ্রিদের প্রতিযোগিতা ছিল। ইতোমধ্যেই তারা ১১বার এই শিরোপা জয় করেছে যা অন্য যেকোনো ক্লাবের তুলনায় বেশী। এই ক্লাবের মূল লক্ষ্যই হলো চ্যাম্পিয়নস লীগের শিরোপা জেতা। প্রতিটি অনুশীলন সেশনে আমরা কঠোর পরিশ্রম করি যাতে করে এই শিরোপা জেতা যায়। আশা করছি আমাদের জন্য আরো অনেক ট্রফি অপেক্ষা করছে।’
বেল আরো বলেন, চ্যাম্পিয়নস লীগের ফাইনালে উঠতে হলে পুরো দলকে দারুন উজ্জীবিত হতে হয়। অবশ্যই এবারের মৌসুমের ফাইনালটি আমার জন্য বিশেষ কিছু। কারন কার্ডিফে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে। আমরা কঠোর পরিশ্রম করছি যাতে করে ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারি।
লা লিগায় শনিবার স্পোর্টিং গিওনকে ৩-২ গোলে পরাজিত করে জিনেদিন জিদানের দল লা লিগা টেবিলের শীর্ষে অবস্থান করছে। বাসস।
ইত্তেফাক/রেজা
