দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. নাসির উদ্দীন আহমেদ বলেছেন, সেবা দিবেন অথবা চাকরি ছেড়ে চলে যাবেন। যাদের ট্যাক্সের পয়সায় আপনাদের সংসার চলে তাদের সেবা দিতে হবে। সেবা গ্রহণ জনগণের সাংবিধানিক অধিকার।
সোমবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এবং দুদক ও বিশ্ব ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই গণশুনানিতে সেবা গ্রহিতাদের উদ্দেশ্যে তিনি বলেন দুর্নীতি প্রতিরোধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। দৃষ্টান্ত স্থাপন করতে হবে সেবা প্রদানকারীরা যেন দুর্নীতি করার কোন সুযোগ না পায়। আপনাদের সেবা পাওয়ার অধিকার রয়েছে। কেউ দুর্নীতির আশ্রয় নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দুদক সাধারণ মানুষের পাশে আছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলের দুদক ঢাকা অফিসের পরিচালক মনিরুজ্জামান, দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক আ. আজিজ ভঁইয়া, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু আউয়াল, উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকি ও নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন।
ইত্তেফাক/ইউবি
