ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে পালিত হল ঐতিহাসিক মুজিবনগর দিবস। সোমবার সকালে মুম্বাই-এ নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার সামিনা নাজ জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচীর সূচনা করেন।
আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপ-হাইকমিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের শুরুতে মহান এ দিবসে রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। বাণী পাঠ শেষে উপ-হাইকমিশনার আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
উপ-হাইকমিশনার তাঁর বক্তব্যে এ দিনটিকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজি বুর রহমানের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার পর মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে এ সরকারের হাত ধরেই বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। তিনি তাঁর বক্তব্যে মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা ও ঐতিহাসিক মুজিবনগর সরকারের সকল সদস্যদের ভূমিকার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এ সময় তিনি মুজিবনগর সরকার গঠন সহ মহান স্বাধীনতা সংগ্রাম ও তাঁর বিজয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। আলোচনা অনুষ্ঠান শেষে ঐতিহাসিক মুজিবনগর সরকারের সকল জীবিত এবং বিদেহী সদস্যদের সুস্থতা ও আত্মার মাগফেরাত কামনাসহ মুক্তিযুদ্ধের সকল শহীদ ও নিপীড়িত মা-বোনদের জন্য এবং দেশের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে স্বাধীনতা অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় অবদানভিত্তিক একটি প্রামাণ্যচিত্র ”স্বাধীনতা কী করে আমাদের হল” প্রদর্শন করা হয়।
ইত্তেফাক/সাব্বির
