ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার বুধল ইউনিয়নের বুধল ও মালিহাতা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সদর উপজেলার বুধল ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ‘মাইক’ প্রতীকে শিউলী আক্তার সেলিম ও ‘তালগাছ’ প্রতীকে রওশন আরা প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে ‘মাইক’ প্রতীকে শিউলী আক্তার সেলিম বিজয়ী হন। রবিাবর নির্বাচন চলাকালে ভোট কেন্দ্রে শিউলীর সমর্থক লিয়াকত আলী রৌশন আরার সমর্থক সুমনকে মারধর করেন। এ ঘটনার জের ধরে এদিন বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরই জের ধরে সোমবার সকাল সাড়ে ৮টায় মধ্যপাড়ার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পরাজিত প্রার্থীর পক্ষে সাবেক ইউপি সদস্য জাকির ও বর্তমান ইউপি সদস্য ফারুকের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে সংঘর্ষটি বুধল ইউনিয়নের বুধল ও মালিহাতা গ্রামের লোকজনও সংঘর্ষে যোগ দেয়। থেমে থেকে কয়েক দফায় দুপুর একটা পর্যন্ত চলা এ সংঘর্ষে কমপক্ষে ৪০জন আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুর রহমান জানান, পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এছাড়া ঘটনাস্থল থেকে ১০ সংঘর্ষকারীকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
