যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে চ্যান্সারিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে বক্তৃতাকালে হাইকমিশনার তারিক আহসান দেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি মুজিবনগর সরকারের গুরুত্ব ও ভূমিকার কথা তুলে ধরে বলেন,এই সরকার মুক্তিযুদ্ধ পরিচালনাসহ বিশ্ব দরবারে সদ্য স্বাধীন বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি, শরণার্থীদের ব্যবস্থাপনা, যুদ্ধ-বিধ্বস্ত দেশবাসীর পাশে দাঁড়ানোসহ মুক্তিযুদ্ধকালীন সরকার পরিচালনায় সার্বিক দায়িত্ব সফলতার সাথে পালন করে। হাইকমিশনার দেশের সঠিক ইতিহাস সম্পর্কে নিজেদের সন্তান ও নতুন প্রজন্মকে শিক্ষা দেয়ার জন্য সকলকে আহবান জানান।
আলোচনা শেষে, জাতির পিতা ও জাতীয় চারনেতাসহ মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। পরিশেষে, মুজিবনগর ও মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। হাইকমিশনের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে যোগদান করেন।- প্রেস রিলিজ।
ইত্তেফাক/সাব্বির
