গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজে অর্ধকোটি টাকায় নির্মিত ভবন কাজে আসছে না

আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ০১:৩৬

অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের সুরম্য ভবনটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কাজে আসছে না। এক যুগ আগে নির্মিত এ ভবনটিতে ঝুঁকি নিয়ে সড়ক পেরিয়ে ছাত্রীদের যাতায়াত করতে হয়। ব্যস্ত সড়ক পারাপার করতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে এই অজুহাত দেখিয়ে ভবনটিতে ছাত্রীদের ক্লাস নিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ। ভবনটি এখন ব্যবহূত হচ্ছে অন্য কাজে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মাধ্যমিক স্তরের বিনামূল্যের বই রাখার গোডাউন হিসেবে বিনা ভাড়ায় দীর্ঘদিন যাবত্ ভবনটি ব্যবহার করে আসছে। একইভাবে গৌরনদী শিল্পকলা একাডেমিও তাদের কার্যক্রম চালাচ্ছে ওই ভবনটিতে। পতিত অবস্থায় পড়ে থাকায় ভবনের নিজতলায় দিনে ছাগল, কুকুর ঘুমায় আর বখাটেদের আড্ডা চলে। রাতে ভবনটি থাকে সম্পূর্ণ অরক্ষিত।

২০০৪ সালে উপজেলা সদরের প্রাণকেন্দ্রে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের পার্শ্ববর্তী ব্রিজের গোড়ায় সরকারি অর্থায়নে ভবনটি নির্মাণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, এ শিক্ষা প্রতিষ্ঠানটির বাউন্ডারি এলাকার মধ্যে অনেক খালি জায়গা পড়ে থাকা সত্যেও তত্কালীন সময়ের কলেজ গভর্নিংবডির কয়েকজন প্রভাবশালী সদস্য ও রাজনৈতিক নেতা শিক্ষকসহ অন্যদের মতামতকে উপেক্ষা করে কলেজ বাউন্ডারির বাইরে ভবনটি নির্মাণ করেন। তারা নিজেদের ইচ্ছায় স্থানীয় চিত্তরঞ্জন সাহার সম্পত্তি দখলের উদ্দেশ্যে এ কাজটি করেছেন বলে অভিযোগ রয়েছে।

গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের বর্তমান অধ্যক্ষ মীর আবদুল আহসান আজাদ জানান, ভবনটি সম্পূর্ণ অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। রাস্তা পারাপারে ঝুঁকি থাকায় ওই ভবনে সচরাচর অধিকসংখ্যক ছাত্রীদের ক্লাস নেওয়া যাচ্ছে না। একাদশ শ্রেণির অর্থনীতি ও পরিসংখ্যান বিষয়ে কম শিক্ষার্থী থাকায় ওই স্থানে তাদের ক্লাস নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

ইত্তেফাক/নূহু