কুষ্টিয়ার মিরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৫:২৮
কুষ্টিয়ার মিরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নব-নির্মিত এ কমপ্লেক্সের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
 
উদ্বোধন শেষে মিরপুর উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এসময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের আবাসন ব্যবস্থার সৃষ্টি করছে। মুক্তিযোদ্ধার ভাতা ও অন্যান্য সুবিধা বৃদ্ধি করছে। 
 
তিনি আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দূরীকরণে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য যে অবদান রেখেছে তা অনস্বীকার্য। তাদের জন্যই আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি। বর্তমানে সরকার মুক্তিযোদ্ধাদের যে তালিকা করছে তা ১৫ কার্য দিবসের মধ্যে সম্পন্ন করা হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 
 
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার এস.এম মেহেদী হাসান, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার নাছরিন, জেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী রফিকুল ইসলাম টুকু প্রমুখ। উল্লেখ্য এলজিইডি’র তত্ত্বাবধায়নে ২ কোটি ১২ লক্ষ ৮১ হাজার ৯’শত ৫৫ টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট এ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত হয়।
 
ইত্তেফাক/সাব্বির