শেরপুরে পরীক্ষার্থীর ওপর হামলা: আটক ৩

আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৮:৩৬
 
বগুড়ার শেরপুরে আপেল মাহমুদ নামে এক আলিম পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
 
আপেল মাহমুদ উপজেলার বিশালপুর ইউনিয়নের জামুর বংশধর গ্রামের মোকাল্লেম হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুরে পৌরশহরের শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও অন্যান্য পরীক্ষার্থীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। একইসঙ্গে হামলাকারীদের মধ্যে তিনজনকে আটকসহ পুলিশে সোপর্দ করা হয়। তারা হলেন- উপজেলার বিশালপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. পাপ্পু মিয়া (২১), একই গ্রামের তছলিম উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (২০) ও আব্দুর রাজ্জাকের ছেলে শিপন মিয়া (২৩)।
 
শেরপুর থানার এসআই পুতুল মোহন্ত এই তথ্য নিশ্চিত করে বলেন, 'বাংলা নববর্ষকে বরণ করতে স্থানীয় তেঁতুলিয়া গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আয়োজকদের সঙ্গে পার্শ্ববর্তী জামুর বংশধর গ্রামের ছেলেদের সঙ্গে দ্বন্দ্ব হয়। এরই জেরধরে এই মারপিটের ঘটনা ঘটে।'
 
ইত্তেফাক/জামান