যথাযোগ্য মর্যাদায় গত সোমবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে 'মুজিবনগর দিবস' উদযাপন করা হয়েছে।
ঐতিহাসিক এ দিবসের তাৎপর্য তুলে ধরে সকাল সাড়ে ৯টায় মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মিশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ এতে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতেই মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদসহ এ সরকারের সকল নেতৃবৃন্দের স্মৃতির উদ্দেশ্যে একমিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা পালন শেষে মুজিবনগর দিবস উপলক্ষে দেওয়া মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন মিশনের ইকোনমিক মিনিস্টার ইকবাল আব্দুল্লাহ্ হারুন। এরপর শুরু হয় মূল আলোচনা অনুষ্ঠান।
আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মিশনের মিনিস্টার ফাইয়াজ মুর্শিদ কাজী, মিনিস্টার এটিএম রকিবুল হক, কাউন্সিলর সঞ্চিতা হক, ফার্স্ট সেক্রেটারি মো. হুমায়ুন কবীর ও ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মো. নুরএলাহি মিনা। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন মিশনের ফার্স্ট সেক্রেটারি জনাব মো. তৌফিকুর রহমান।
