চবি’র চার শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৯:২৬
 
ছিনতাইয়ে জড়িত থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
 
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।বহিষ্কৃতদের ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ করেছে প্রশাসন কর্তৃপক্ষ। এমন কি তাদেরকে ক্যাম্পাসে অবস্থান করতে দেখলে পুলিশকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে চবি প্রশাসন।
 
বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী মাহমুদুল হাসান, ইতিহাস বিভাগের ২০১৩-১৪ সেশনের মো.নাহিদ আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ সেশনের সোহেল মিয়া ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০১৫-১৬ সেশনের ইফতেখার উদ্দিন রিয়াজ।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রোক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, 'ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনায় জড়িত চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।' বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির নিয়ম অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/জামান