ইশতেহারে তরুণদের কর্মসংস্থানে জোর কংগ্রেসের

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৮:১৬

ভারতের লোকসভা নির্বাচনের আগে দলীয় ইশতেহার প্রকাশ করল কংগ্রেস। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন, দেশজোড়া আলোচনার পরে তৈরি হয়েছে এই ইশতেহার, যার শিরোনাম ‘হাম নিভায়েঙ্গে’। এতে কৃষক উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থানের ওপর জোর দিয়েছে কংগ্রেস। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

মঙ্গলবার নয়াদিল্লির আকবর রোডে দলের প্রধান কার্যালয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে প্রকাশ করা হয় লোকসভা নির্বাচনের জন্য দলীয় ইশতেহার। দেশের প্রধান সমস্যাগুলো সমাধানের কথা মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে এই ইশতেহার, জানিয়েছেন রাহুল গান্ধী।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ইশতেহার প্রকাশ করে বলেন, ‘ইশতেহারে মানুষের মনের কথা বলা হয়েছে। মানুষের মতামত নিয়ে ইশতেহার তৈরি করেছি। আমাদের ইশতেহারে ভুয়ো প্রতিশ্রুতি নেই।’

তিনি বলেন, ‘দেশে ২২ লক্ষ সরকারি পদ খালি পড়ে রয়েছে। ক্ষমতায় এলে সেই সব পদে নিয়োগ করবে কংগ্রেস। ইশতেহারে নতুন শিল্পে জোর দেওয়া হয়েছে। যে কেউ অনুমতি ছাড়াই ব্যবসা শুরু করতে পারবেন। জোর দেওয়া হয়েছে বেকারত্ব দূরীকরণে।’

আরও পড়ুনঃ মিরসরাইয়ে ঝর্ণা থেকে পড়ে যুবক নিহত

দেশের কৃষক সমস্যা মেটাতেও নয়া প্রতিশ্রুতি রয়েছে কংগ্রেসের ইশতেহারে। এদিন রাহুল জানিয়েছেন, ‘কৃষিঋণ মেটাতে না পারলে ফৌজদারি মামলার নিয়মে কৃষক স্বার্থে পরিবর্তন আনা হবে। আমরা কৃষকদের কথা ভাবি, তাঁদের পাশে থাকি। কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকদের জন্যে আলাদা বাজেট পেশ হবে। ১০ লক্ষ যুবককে গ্রাম পঞ্চায়েতে কাজ দেওয়া হবে। মন রেগায় ১০০ দিনের বদলে ১৫০ দিনের কাজ দেওয়া হবে।’

ইত্তেফাক/টিএস