ভোমরার লক্ষিদাড়ি সীমান্তে ৫০ ভরি ওজনের স্বর্ণবারসহ চোরাচালানী আটক

আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ২৩:৩৪

ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরার লক্ষিদাড়ি সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ওজনের পাঁচ পিচ স্বর্ণের বারসহ এক চোরচালানীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের বিজিবি’র বাঁশকল চেকপোষ্ট এলাকা থেকে এই স্বর্ণ আটক করা হয়।

আটক চোরাচালানীর নাম এছহাক আলী গাজী (৪৫)। সে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষীদাড়ি গ্রামের মৃত বাহার আলী গাজীর ছেলে।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের জন্য সাতক্ষীরা শহর থেকে ভোমরা সীমান্তের দিকে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাঁশকল চেকপোষ্ট এলাকায় অভিযান চালায়।

রাত সাড়ে ৮টার দিকে একটি মটর সাইকেল দ্রুত গতিতে চালিয়ে বাঁশকল চেকপোষ্ট অতিক্রম করে ভোমরা সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তার গতিরোধ করে। এ সময় মটর সাইকেলটি থামিয়ে তল্লাশীর এক পর্যায় মটর সাইকেলের তেলের ট্যাংকির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ ভরি ওজনের ৫ পিচ স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা। স্বর্ণ চোরচালানের অভিযোগে এ সময় মটর সাইকেল চালক এছহাক আলী গাজীকে আটক করে বিজিবি।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আরমান হোসেন (পিএসসি) এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক স্বর্ণের ওজন ৫০ ভরি। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

ইত্তেফাক/নূহু