পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রনেতা নিহত

আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ২৩:৪১

গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। উপজেলা শহরের চৌমাথা এলাকায় মহিলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সামনে মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোর্শেদ বিল্লাহ ওরফে ভিপি রাশেদ (৩৫) জেলা যুবলীগের সদস্য।

এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী লিটন মিয়া (৩২) আহত হয়েছেন।

নিহত মোর্শেদ গাইবান্ধা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) ও গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার আতাউর রহমান মণ্ডলের ছেলে।

পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম মঙ্গলবার রাত সাড়ে নয়টায় মুঠোফোনে বলেন, রাত নয়টার দিকে মোর্শেদ বিল্লাহ ওরফে ভিপি রাশেদ মোটরসাইকেলযোগে পলাশবাড়ী উপজেলা শহর থেকে গাইবান্ধা দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় পৌঁছলে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় পলাশবাড়ী থেকে গাইবান্ধাগামী একটি পিকআপ-ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। আশপাশের লোকজন তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

অপর মোটরসাইকেল আরোহী লিটন মিয়া (৩২) আহত হন। তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি আরও বলেন, এই ঘটনায় পলাশবাড়ী থানায় মামলা হয়েছে।

গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) রেজিনুর রহমান জানান, নিহতের লাশ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে রয়েছে। চালকসহ পিকআপটি আটক করা হয়েছে।

ইত্তেফাক/নূহু