রাজনৈতিক স্থিতিশীলতা ও মানুষের ঐক্য থাকলে উন্নয়ন অব্যাহত থাকে: আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ০১:১১

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও এলাকার মানুষের মধ্যে ঐক্য বজায় থাকলে মানুষের ভাগ্য পরিবর্তনের ধারাবাহিকতা থাকে। এখন মানুষ চায় কর্মসংস্থানের সুযোগ তথা উপার্জনের উপায়। অবহেলিত দক্ষিণাঞ্চলে অতীতের তুলনায় অনেক বেশি উন্নয়ন কাজ হচ্ছে। এর জন্য আমরা যেমন আল্লাহ্র রহমত পাচ্ছি, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও আমাদের কৃতজ্ঞতা জানাতে হবে।

মন্ত্রী গতকাল মঙ্গলবার রাতে পিরোজপুরের ভাণ্ডারিয়ার গৌরীপুর-শ্রীপুর গ্রামে পল্লী      বিদ্যুেতর নতুন লাইন উদ্বোধন উপলক্ষে স্থানীয় ডাক্তারহাটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, ১৯৮৪ সাল থেকে আমি এই এলাকার মানুষের উন্নয়ন সংগ্রামের সঙ্গে রয়েছি। ৩০-৩২ বছর আগে মানুষের চাহিদা ছিল—রাস্তা-ঘাট, পুল, কালভার্ট। তখন আমি পাঁচ বছর বিদ্যুত্মন্ত্রীর দায়িত্ব পালন করেছি, এলাকার মানুষ বিদ্যুত্ নিতে চাইতো না, তারা চাইতো যাতায়াত সুবিধা। মানুষের ধারণা ছিল সনাতনী কেরোসিনের বাতির চেয়ে বিদ্যুতের খরচ বেশি। মানুষ আজ বিদ্যুত্ সংযোগ নিচ্ছে, আমরা আগামী জুন মাসের মধ্যে ঘরে ঘরে পল্লী বিদ্যুত্ পৌঁছার সুব্যবস্থা করে দেব। এইসব সুবিধার জন্য অতিরিক্ত কোনো খরচ গ্রাহকদের করতে হবে না। তবে ঘরের ভিতরের ওয়্যারিংয়ের কাজ নিজ খরচে করে নিতে হবে।

মন্ত্রী বলেন, আজকে সকলের চাহিদা কর্মসংস্থানের। মানুষ আয় উপার্জন করে সচ্ছলতা বৃদ্ধি করতে চায়। এ জন্য আমাদের দক্ষ লোক দরকার। বর্তমান সরকার পশ্চাত্পদ দক্ষিণাঞ্চলের জন্য অনেক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। এলাকার কৃষি ও মত্স্য চাষের জন্য মজা খাল, পুকুর খনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ জন্য এলাকার মানুষ ও স্থানীয় নেতৃত্বকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে, এলাকার মানুষের সমর্থন, কেন্দ্রীয় নেতৃত্বের সুনজর ও আল্লাহর রহমত থাকলে আমাদের সকলের ভাগ্য পরিবর্তন ঘটবেই।      

আনোয়ার হোসেন মঞ্জু এ সময় সুইস টিপে গ্রাম বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

গৌরীপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ ও পিরোজপুর পল্লী বিদ্যুত্ সমিতির মহাব্যবস্থাপক শংকর কুমার কর। উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জ্বল, উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার, পিরোজপুর পল্লী বিদ্যুত্ সমিতির সাবেক সভাপতি ইউসুফ আলী আকন, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারেক, উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা প্রমুখ।

ইত্তেফাক/নূহু