রাজধানীর বনানী থেকে গত ১ ডিসেম্বর একযোগে ‘নিখোঁজ’ হওয়া চার তরুণের মধ্যে একজন মঙ্গলবার ফিরে এসেছেন। তার নাম মেহেদী হাসান হাওলাদার (২১)। মঙ্গলবার সকাল ৭টার দিকে সাভারের নবীনগর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি গাছে হেলান দেওয়া অবস্থায় মেহেদী নিজেকে আবিষ্কার করেন। নিখোঁজ হওয়ার সময় তার পরনের পোশাক গতকাল পরিহিত ছিল। এমনকি তার পকেটের মানিব্যাগ ও মোবাইল ফোনও একই ছিল। পরে নবীনগর থেকে একটি বাসে করে তিনি বরিশালের বাবুগঞ্জের উদ্দেশে রওনা দেন। মঙ্গলবার বিকাল ৪ টায় তিনি বাবুগঞ্জের বাহেরচর এলাকার বাড়িতে পৌঁছেন।
বাবুগঞ্জ থানার ওসি আব্দুল সালাম ইত্তেফাককে বলেন, মেহেদীর ফিরে আসার খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে তিনি নিখোঁজ হয়েছেন বা কারা তাকে আটকে রেখেছিল-এসব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে।
মেহেদীর পারিবারিক সূত্র জানায়, বরিশাল বিএম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেহেদী ঢাকায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে ১ ডিসেম্বর বনানী এলাকা থেকে তার বন্ধু সুজনের সঙ্গে নিখোঁজ হন। ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে পাস করা সুজন বনানীর একটি আর্থিক প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন। একই সময়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী সাফায়েত হোসেন ও জায়েন হোসেন খান পাভেল নিখোঁজ হন।
মেহেদীর চাচা মাহবুব হাওলাদার বলেন, মেহেদীর বাবা জাহাঙ্গীর আলম হাওলাদার ঝালকাঠি সদর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। সকালে তিনি শুনেছেন যে, তার ভাতিজা ঢাকার সাভারের নবীনগর এলাকায় পাওয়া গেছে। মেহেদী এখন অসুস্থ। তবে তাকে কারা আটকে রেখেছিল বা কোথায় ছিল-এ ব্যাপারে সে কিছুই বলতে পারেনি।
ইত্তেফাক/আরএ
