প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটার অবৈধ দখলদারদের উচ্ছেদ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৫:৩৭
পাবনার চাটমোহর উপজেলার হরিপুরে প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকালে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। 
 
এসময় কয়েকটি পরিবার নিজেরাই তাদের ঘর-দরজা সরিয়ে নেন। উচ্ছেদ অভিযানকালে র‌্যাব,ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী,প্রমথ চৌধুরী স্মৃতি পরিষদ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। দিনব্যাপী অবৈধ দখলে থাকা ১৮টি পরিবারকে উচ্ছেদ করা হয়। হরিপুরের চৌধুরীপাড়া প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটেয় ৩ একর জমির উপর এলাকার ১৮টি পরিবার দখল করে ঘর-বাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন। 
 
তারা নিজেদেরকে ভূমিহীন হিসেবে দাবি করেন। প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের আন্দোলন ও দাবির মুখে প্রশাসন অবৈধ দখলদারদের উচ্ছেদ প্রক্রিয়া শুরু করে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান জানান,এই সম্পত্তি সরকারের। দখলদারদের ইতোপূর্বে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ৫ বার নোটিশ প্রদান করা হয়েছে। কিন্তু তারা তা করেননি। অবশেষে জেলা প্রশাসকের অনুমোদনক্রমে আজ (বুধবার) উচ্ছেদ অভিযান পরিচালিত হল।
 
IMG0
 
হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন বলেন,‘আমি এই উচ্ছেদে খুশী.উচ্ছেদ অভিযানের জন্য সরকারকে ধন্যবাদ।’ প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের উপদেষ্টা সাংবাদিক হেলালুর রহমান জুয়েল বলেন,এই উচ্ছেদ আগেই হওয়া উচিত ছিল। এখন সরকার এখানে কলেজ,পাঠাগার স্থাপনসহ অবকাঠামো নির্মাণ করবেন বলে আশা করছি। স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রভাষক ইকবাল কবীর রঞ্জু বলেন,আমরা চাই এখন সরকার প্রমথ চৌধুরীর স্মৃতি রক্ষার্থে ব্যবস্থা গ্রহণ করবেন।
 
উল্লেখ্য,হরিপুরে প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা,চৌধুরী বাড়ির পুকুর মন্দিরের ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান। কিছুদিন পূর্বে পরিত্যক্ত ভিটেয় এলাকার ১৮টি পরিবার দখল করে বাড়ি-ঘর নির্মাণ করেন। প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ অবৈধ দখলদারদের উচ্ছেদে পদক্ষেপ নিতে দাবি জানিয়ে আসছিলো।
 
ইত্তেফাক/সাব্বির