মোবাইল কিনে না দেয়ায় আত্মহত্যা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৭:০৭
নওগাঁর রাণীনগরে মোবাইল ফোন কিনে না দেয়ায় রয়েল হোসেন (২২) নামে এক যুবক  ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিলপালশা গ্রামে এ ঘটনা ঘটে। 
 
রয়েল হোসেন উপজেলার বিলপালশা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় রয়েল একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য বাবা-মার কাছে বায়না ধরে। বাবা তার দোকানে চলে গেলে রয়েল তার মার কাছে এখনি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য জেদ ধরে। ধান কাটা-মাড়াই করার পর মোবাইল কিনে দিবে বলে জানান। 
 
তখন রয়েল মোবাইল কিনে দিলে না তো কি হয় দেখতে পাবে বলে নিজ ঘরের মধ্যে গিয়ে চুপচাপ বসে থাকে। এর মধ্যে মাগরিবের আজান দিলে মা হাঁস-মুরগী তোলার জন্য চলে যায়। এই সুযোগে ঘরের দরজা বন্ধ করে রয়েল ফ্যানের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাণীনগর থানার (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
 
ইত্তেফাক/সাব্বির