বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রোক্টর মীর তামান্না সিদ্দীকার পদত্যাগের দাবিতে ঘেরাও কর্মসূচী পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শেষে প্রোক্টর অফিসের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করা হয়।
জানা যায়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দিপু চন্দ্র রায়ের আটকের সংবাদে তার বাবার আকস্মিক মৃত্যু হয়। এর জন্য মীর তামান্না সিদ্দীকাকে দায়ী করে তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল ও প্রোক্টর অফিস ঘেরাও করে।
গত ১৭ এপ্রিল একই দাবিতে বিক্ষোভ শেষে উপাচার্যকে স্মারকলিপি দিয়ে একদিনের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বেলা ১১ টার দিকে দিপুসহ কয়েকজন বন্ধু বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশের সময় প্রোক্টর মীর তামান্না সিদ্দীকা তার সঙ্গে অসদাচরণের অভিযোগ করে দিপুকে পুলিশের কাছে তুলে দেন। আটকের খবর শুনে দিপুর বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর জন্য দায়ী করে প্রোক্টরের পদত্যাগ দাবি করছে শিক্ষার্থীরা।
ইত্তেফাক/জামান
