বরিশালে অটো-মাহিন্দ্রা শ্রমিকদের ধর্মঘট, যাত্রী ভোগান্তি

আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ২০:৩৭
 
বরিশালের বানারীপাড়ায় মাহিন্দ্রা চালকদের মারধর ও অটো টেম্পো স্ট্যান্ডের স্থান পরিবর্তন করার প্রতিবাদে জেলার সর্বত্র অটো টেম্পো ও মাহিন্দ্রা ধর্মঘটের ডাক দিয়েছে সংশ্লিষ্টরা।
 
বুধবার সকাল থেকে ডাকা এই ধর্মঘটের কারণে নগরীসহ জেলার বিভিন্ন স্থানে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। 
 
বরিশাল জেলা অটো রিক্সা, অটো টেম্পো ও মিশুক মালিক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন মোল্লা জানান, বানারীপাড়া ভূমি অফিসের সামনে তাদের ৬০ বছরের পুরানো স্ট্যান্ড। তাদের সঙ্গে কোন যোগাযোগ না করে পুলিশ অটো টেম্পো চালকদের স্ট্যান্ডে গাড়ি রাখতে দিচ্ছে না। পুলিশ শ্রমিকদের মারধর করায় তারা জেলার সকল স্থানে অটো টেম্পো-মাহিন্দ্রা চলাচল বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, 'সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।'
 
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান,  মাহিন্দ্রা চালকরা সিদ্ধান্ত উপেক্ষা করে পৌরসভার নির্ধারণ করা স্থানে না গিয়ে পুরানো স্ট্যান্ডে টেম্পো রাখায় পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।
 
ইত্তেফাক/জামান