ঝড়ে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ২২:০৪
কালবৈশাখী ঝড়ের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। 
 
বুধবার সন্ধ্যা ৭টা থেকে বিদ্যুৎকেন্দ্রের ৩নং ও ৪নং ইউনিট এবং ২৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে করে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদীসহ কয়েকটি জেলার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রয়েছে।
 
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানান, সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের কারণে হঠাৎ করে বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো উৎপাদনে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।