পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. আলতাফ হোসেন হাওলাদার (৩০) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গোলবুনীয়া গ্রামে ওই জেলের বসতবাড়ির পেছনে মেহগনি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তিনি কিছু দিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহত জেলে আলতাফ উপজেলার গোলবুনীয়া গ্রামের মৃত আব্দুল গণি হাওলাদারের ছেলে।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, জেলে আলতাফ হোসেন বুধবার দিবাগত গভীর রাতে বাড়ির পাশে বলেশ্বর নদে চিংড়ির রেনু পোনা শিকারের জন্য বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়িতে ফিরে আসেননি। আজ বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা বসতঘরের পেছনের বাগানে মেহগনি গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মাজহারুল আমীন (বিপিএম) জানান, দরিদ্র ওই জেলে কিছুদিন ধরে মানসিক বিকারগ্রস্ত ছিলেন। পরিবার ও গ্রামবাসীর মতে, তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের অনুরোধে জেলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/কাউছার
