জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস জীবনের অসংখ্য স্মৃতিচারণের লক্ষ্যে একটি দিন আনন্দের ভেলায় ভাসলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবির) ২৫তম ব্যাচের হাজারো শিক্ষার্থী। স্মৃতির রোমন্থনে সহপাঠীদের সঙ্গে মাতলেন গল্প, আড্ডা, নাচ আর গানে। প্রাণের বন্ধনে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে প্রত্যেকেই যেন কয়েক মুহূর্তের জন্য ফিরে গিয়েছিলেন সেসব হারানো দিনে। খুঁজে পেয়েছেন ক্যাম্পাস জীবনের সেই উচ্ছল, বাধাহীন, তারুণ্য ও যৌবনের ছোট ছোট গল্পগুলো। গত ১৫ মার্চ জাবির ২৫তম ব্যাচের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এক মিলন মেলা। ‘২৫ এর বাইশ- সবুজের পানে, পঁচিশের টানে’— এই স্লোগানকে ধারণ করে এ মিলন মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানস্থল সাজানো হয় মনোরম সাজে। ২৫-এর বন্ধুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।
