ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফ্রেমে অন্তর্ভুক্ত হচ্ছেন শ্রীলঙ্কার অফ-স্পিনার মুত্তিয়া মুরলিধরন। আগামী জুনে ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন হল অব ফ্রেমে অর্ন্তভূক্ত হবেন তিনি। শ্রীলঙ্কার প্রথম খেলোয়াড় হিসেবে এমন সম্মানে ভূষিত হচ্ছেন মুরলি।
এর আগে এই সম্মানে ভূষিত হয়েছেন অস্ট্রেলিয়ার কারেন রোল্টন, আর্থার মরিস, ডন ব্র্যাডম্যান ও জর্জ লোহম্যান। উনবিংশ শতাব্দিতে ১৬ টেস্টে ১০০ উইকেট নিয়েছিলেন লোহম্যান।
মুরলিধরনের এমন সম্মানে শ্রীলঙ্কর ক্রিকেট গর্বিত বলে জানান লংকান ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা আসলে ডি সিলভা, ‘তার জন্য আমরা গর্বিত এবং শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য গৌরব বয়ে এনেছেন মুরলি। তার বিখ্যাত কর্মজীবন অত্যন্ত মর্যাদাপূর্ণ।’
শেষ হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ, ভারত সফর বা চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন আইসিসি’র হল অব ফ্রেমে অন্তর্ভুক্তর জন্য মুরলিধরনকে প্রস্তাব দেয়া হয়েছিলো। এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি বেছে নেন মুরালি। তাই আগামী ৮ জুন ওভালে ভারত-শ্রীলংকা ম্যাচে মুরলিকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে।
হল ফেমে অন্তর্ভুক্ত হওয়া চার খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছেন আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। তিনি বলেন, ‘সত্যিকারের মহান খেলোয়াড়কে হল অব ফেমের স্বীকৃত দেয় আইসিসি। তাই এই সেরা খেলোয়াড়রা একটি সম্মানিত দল। এই যুগের অন্যতম সেরা খেলোয়াড় মুরালি। শ্রীলংকাকে টেস্ট ও ওয়ানডেতে বড় দলে পরিণত করতে মুরালির অনেক অবদান ছিলো।’
২০১১ বিশ্বকাপের পর ক্রিকেটকে বিদায় জানান মুরলিধরন। ১৩৩ টেস্টে ৮০০, ৩৫০ ওয়ানডেতে ৫৩৪ ও ১২ টি-২০তে ১৩ উইকেট শিকার করেন তিনি। ১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন মুরলি। হিন্দুস্তান টাইমস/ বাসস।
ইত্তেফাক/রেজা
