সমাজের আর পাঁচটা শিশুর মতো সুবিধাবঞ্চিত শিশুদেরও আছে নানা ধরনের প্রতিভা। খেলাধুলাও রয়েছে অসামান্য নৈপুণ্য। বঞ্চিত শিশুদের এই অসামান্য প্রতিভার বিকাশ ঘটতে শিক্ষা-সংস্কৃতি, মেধা-মননে, ক্রীড়া-নৈপুণ্যে ‘বঞ্চিত শিশুও আগামীর সম্ভাবনা’ স্লোগান নিয়ে ওয়ালটনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো ‘পুষ্পকলির ক্রীড়া উত্সব-২০১৯’। গত শুক্রবার ২৯ মার্চ, মিরপুর ১২, পল্লবী ডি ব্লক ঈদগাঁ মাঠে উত্সবের উদ্বোদন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের এডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদসহ আয়োজক সংগঠনের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী শিশুদের অভিভাবকরা। এ উত্সবে অংশগ্রহণ করে সম্ভাবনা পরিচালিত সুবিধাবঞ্চিতদের স্কুল পুষ্পকলির শিক্ষার্থীরা। উত্সবে শিশুদের নিয়ে খেলাধুলার পাশাপাশি আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ এবং উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে অংশগ্রহণ করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
উত্সবে গান, নাচ, যেমন খুশি তেমন সাজো পাশাপাশি দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, মিউজিক্যাল চেয়ার মতো মজার খেলায় অসাধারণ নৈপুণ্য দেখায় সমাজের সুবিধাবঞ্চিত এ সকল শিশু।
উত্সব শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন উদয় হাকিম। এ সময় তিনি বলেন, ‘শিশুদের মাঝে লুকিয়ে আছে আগামী দিনের সম্ভাবনা। তাই আমাদের সবারই শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া উচিত।’ এছাড়া উত্সবে পুষ্পকলি স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মায়েদের মাঝে ‘পুষ্পকলির সেরা মা-২০১৮’ পুরস্কার প্রদান করা হয়। এ পুরস্কার সম্পর্কে সম্ভাবনার সভাপতি রবিউল ইসলাম রবিন বলেন, ‘একটি পরিবারের মা পারে তার শিশুটিকে সুশিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। আমরা বিনামূল্যে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদান করতে পারি, কিন্তু সে শিক্ষাকেন্দ্র পর্যন্ত নিয়মিত পৌঁছানোর দায়িত্ব একজন মায়ের। তাই প্রতি বছর সম্ভাবনা শুধু মেধাবী শিক্ষার্থী নয়, দায়িত্বশীল মাকেও সেরা মায়ের সম্মানে ভূষিত করে। এবারের আয়োজন ওয়ালটনের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানকে পাশে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।’
উল্লেখ্য ‘বঞ্চিত শিশুও আগামীর সম্ভাবনা’ স্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সম্ভাবনার পথ চলা শুরু হয় ২০১১ সালে। ২০১১ সাল থেকে সম্ভাবনা, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘পুষ্পকলি স্কুল’ নামে একটি অবৈতনিক স্কুল পরিচালনা করে আসছে। বর্তমানে পুষ্পকলি স্কুলের তিনটি শাখা রয়েছে মিরপুর স্টেডিয়াম, রবীন্দ্র সরোবর ও মিরপুর কালশী বস্তি শাখা। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস উদযাপনসহ শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিত্সা সেবা প্রদান, বিভিন্ন উত্সবে শিশুদের মাঝে পোশাক বিতরণের মতো সেবামূলক কাজ পরিচালনা করে আসছে।
