বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি পা পা করে ক্ষমতার দিকে অগ্রসর হচ্ছে আর আওয়ামী লীগ পা পা করে ক্ষমতা থেকে দূরে সরে যাচ্ছে। সুতরাং আগামী এক থেকে দেড় বছরেরর মধ্যে বিএনপিসহ ২০দলীয় জোট ক্ষমতায় আসবে। আর আওয়ামী লীগ বিরোধী দলে যাবে। সরকার যদি গত ৫ জানুয়ারির নির্বাচনের মতো স্বপ্ন দেখেন তাহলে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। ভারতের সাথে ‘সার্বভৌমত্ববিরোধী’ চুক্তির প্রতিবাদ এবং তিস্তাসহ- ৫৪টি অভিন্ন নদীর ন্যায্য হিস্যার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে স্বাধীনতা অধিকার আন্দোলন।
দুদু বলেন, হাওরে অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার দাঁড়াচ্ছে না। এসব এলাকায় হাজার, হাজার কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে জেনেও হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করার বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল মানবতাবিরোধী কথা বলেছেন। তাকে আইনের আওতায় সোপর্দ করা ছাড়া অন্য কোন পথ নেই।’
