পাঁচবিবিতে টর্নেডোর আঘাত, ৫ গ্রাম লণ্ডভণ্ড

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৯:৫৬

জেলার পাঁচবিবি উপজেলায় মঙ্গলবার বিকালে দেড় ঘণ্টা ব্যাপী টর্নেডোতে লণ্ডভণ্ড হয়েছে পাঁচটি গ্রাম। ঝড়ে উড়ে যাওয়া টিনের চালের আঘাতে ২১ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
  
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম জানান, বেলা দেড় টার দিকে পাঁচবিবিতে কালো মেঘের সঙ্গে শুরু হয় ঝড়ো হাওয়া। মুহূর্তেই তা পরিণত হয় টর্নেডোতে। এতে লণ্ডভণ্ড হয় নওদা, সমসাবাদ, বাগুয়ান, দানেজপুর ও ধরঞ্জী গ্রামের কিছু এলাকা। টর্নেডোতে প্রায় দুই হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলা বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। আনুমানিক ২৫ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে। 

আরো পড়ুন: চবির হলে তল্লাশি, ১২৬ রাউন্ড গুলিসহ ২টি পাইপগান উদ্ধার

এদিকে টর্নেডোর সময় উড়ে আসা টিন ও ভেঙ্গে পড়া গাছ পালার আঘাতে আহত ২১ জনকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা আশংকা মুক্ত বলে জানান অর্থপেডিকস চিকিৎসক জাফর ঈমাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে। 

ইত্তেফাক/অনি