বোয়ালমারীতে ফের আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৮:০৪
 
উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েনদিয়া বাজারের আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের সুজন সরদার ও মান্নান মাতুব্বর গ্রুপের মধ্যে শনিবার ফের সংঘর্ষ হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত পাঁচ ঘণ্টা ব্যাপী দফায় দফায় এ সংঘর্ষ হয়। 
 
এ সময় বোয়ালমারী থানা, সালথা থানা, জেলার দাঙ্গা পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও গুলিবর্ষণ করে। 
 
সংঘর্ষের সময় বোয়ালমারী থানার ওসি মো. মিজানুর রহমান, এসআই মো. সহিদুল ইসলাম, এসআই সুকুমার ও এসআই বোরাহান উদ্দিনসহ উভয় পক্ষের ২৫জন আহত হয়েছেন। এদের মধ্যে মান্নান গ্রুপের জাহাঙ্গীর মিয়া (৩৫) ও সুজন গ্রুপের তালিব (২১), রুনু (৪০) ও টিটুলকে (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 
 
বোয়ালমারী থানার ওসি মো. মিজানুর রহমান জানান, সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও গুলি ছোড়া হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
 
ইত্তেফাক/কাউছার