নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সুখচর গ্রামে বৃষ্টির পানি সরানোকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তিকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন ঐ গ্রামের মৃত আলতাফ মিয়ার পুত্র। খবর পেয়ে হাতিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ইলিয়াছ ও সৌরবকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তাদের বাড়ির সামনের চলাচলের রাস্তায় পানি জমে যায়।গতকাল সকালে গিয়াস উদ্দিন স্থানীয় ইউপি মেম্বারের পরামর্শে প্রতিবেশীর পুকুরের পাড়ের মাটি কেটে পানি সরাতে গেলে তারা বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ ইসমাইল ও সৌরব কোদাল দিয়ে বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শাহজাহান বাবুল হত্যার ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/জামান
