ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর পুলিশের নির্যাতন এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগ। রবিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, 'অতি উৎসাহী কিছু পুলিশ চবি ছাত্রলীগ নেতাকর্মীদের উপর নির্মম ভাবে নির্যাতন চালিয়েছে। যারা এ নির্বাণের সঙ্গে জড়িত ছিল তাদেরকে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। এছাড়াও আমাদের সাত নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করা হয়েছে। আমরা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে।'
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত এক ছাত্রলীগকর্মীকে পরীক্ষায় অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় হাটহাজারী থানায় সাত নেতাকর্মীসহ ২০-২৫ জনকে অজ্ঞাতনামা করে গত শুক্রবার একটি মামলা দায়ের করে পুলিশ। এর জেরে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের একটি কোর্সের পরীক্ষা স্থগিত করে দেয় পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। অন্যদিকে এ ঘটনায় দুইজনকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
ইত্তেফাক/জামান
