নারী নির্যাতন মামলায় পৌরসচিব কারাগারে

আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৭:২৩
চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলামকে নারী নির্যাতন মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। 
 
সোমবার দুপুরে আসামি শরিফুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক  রোকনুজ্জামান জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। 
 
মামলার বিবরণে প্রকাশ, ২০১৬ সালের ১২ জুলাই চুয়াডাঙ্গা পৌরসভা কার্যালয়ে এক ইপিআই কর্মকর্তাকে  ধর্ষণের  চেষ্টা করে পৌরসচিব কাজী শরিফুল ইসলাম। পরে এ সংক্রান্ত অভিযোগে নির্যাতিতা  ১৬ জুলাই  নারী  ও শিশু নির্যাতন দমন-১ আদালতে মামলা দায়ের করেন।  এ ঘটনার পর কাজী শরিফুল ইসলাম উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পান। উচ্চ আদালতের ওই জামিন আদেশে আসামি পৌরসচিব শরিফুল ইসলামকে ৪ সপ্তাহের মধ্যে  নিম্ন  আদালতে হাজির হওয়ার নিদের্শনা ছিল। কিন্ত শরিফুল নিম্ন আদালতে হাজির না হয়ে দীর্ঘদিন পলাতক  ছিল। 
 
আদালতের বিচারক সোমবার আসামি পৌরসচিব কাজী শরিফুল ইসলামের  জামিন আবেদন বাতিল ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি