মেসির ম্যাজিক টাচ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ২৩:৫৯

রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার এলক্লাসিকোর ম্যাচটা নিয়ে গোটা ফুটবল দুনিয়া যেন থরথর করে কেঁপেছে। এতটা টানটান উত্তেজনার ম্যাচ বোধহয় ফুটবলের সাম্প্রতিক সময়ে কেউ উপভোগ করেনি। ফুটবল উত্তেজনায় মেতেছিল বাংলাদেশের দর্শকও। কম বেশি হলেও রবিবার রাত জেগে টিভির পর্দায় ম্যাচটা দেখেছেন অন্তত দশ লাখ ফুটবল অনুরাগী। বার্সেলোনার ৩-২ গোলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জেতা সেই ম্যাচ নিয়ে গতকাল দিনভর সব শ্রেণির মধ্যে আলোচনা ছিল।

মুহূর্তে মুহূর্তে ফুটবল ম্যাচটার রং বদলাতে দেখে শিহরিত হয়েছেন দর্শক। অসাধারণ, অভাবনীয়, অবিশ্বাস্য এক ম্যাচ। ফুটবল খেলা দেখতে বসে একজন দর্শকের শরীরের লোমকূপগুলো সতেজ হয়ে যেতে পারে তার আরেকটি প্রমাণ মিলেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ এবং মেসির বার্সেলোনার মহারণে। কি ছিল না লা লিগার এই আগুন লড়াইয়ে।

গোল পাল্টা গোল, ফাউল, হলুদকার্ড, লালকার্ড মাঠে রক্ত ঝরানো, সব শেষে জয় পরাজয়ের অঙ্কের মিল। একটা ম্যাচ থেকে একজন ফুটবল দর্শক যতটা রস টেনে নিতে চান তার সবটুকু পাওয়া গেছে উত্তেজনা ঠাসা ম্যাচে।

রিয়ালের রোনালদো, বেঞ্জেমা আর বেল’ যখন    বার্সার উপর দিয়ে আক্রমণের স্রোত বইয়ে দিচ্ছিলেন। তখন রিয়ালের উইংব্যাক ব্রাজিলিয়ান মার্সেলোর টার্গেট ছিল মেসি। কনুই দিয়ে মেসির মুখে আঘাত করে মাটিতে ফেলে দিলে মেসিকে। রক্ত থামাতে দাঁতের ভেতরে রুমাল চেপে খেলতে নামলেও ব্যথায় কাতর মেসি। আক্রমণে গতি কমে যাওয়ায় কোণঠাসা বার্সার রক্ষণ দুর্গে ফাটল দেখা দেয়। ২৮ মিনিটে ক্যাসেমিরো গোল করেন ১-০। বার্সার সমর্থকরা ভেবে ছিল সব শেষ। দুর্ভাবনাকে উড়িয়ে দিয়ে রক্তাক্ত মেসি কী জাদু দেখালেন পাঁচ মিনিটে গোল শোধ করলেন। নেইমারের অনুপস্থিতিতে সেরা একাদশে নামা রাকিটিচের উত্স থেকে ৩৩ মিনিটে গোল করলেন রক্তাক্ত মেসি ১-১।

দ্বিতীয়ার্ধে ঘটল আরো নাটকীয়তা। ৭৩ মিনিটে রাকিটিচের গোলে বার্সা এগিয়ে যায় ২-১। নায়ক হয়ে যান রাকিটিচ। আবারও টার্গেট হলেন মেসি। মেসিকে ফাউল করায় সরাসরি লালকার্ড পান রিয়ালের সার্জেই রামোস। ৮৫ মিনিটে দশজনের রিয়ালকে খেলায় ফেরান জেমস রদ্রিগেজ ২-২। ৯০ মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত দুই মিনিট। ১ মিনিট ৫৫ সেকেন্ড শেষ। ৫ সেকেন্ড বাকি, উইনিং গোল করলেন হার না মানা যোদ্ধা মেসি ৩-২। মেসির ম্যাজিক টাচ বার্সেলোনাকে হাইভোল্টেজ ম্যাচ জিতিয়েছে। দলকে জেতাতে রক্ত দিলেন মেসি। ৯২ মিনিটের লড়াইয়ে রিয়াল হারলেও সমর্থকরা মেসির কথাই স্মরণ করবেন তাতে কোনো সন্দেহ নেই। কারণ মেসির ম্যাজিক টাচেই যে বার্সা জিতল ফুটবল যুদ্ধে। (আরো খবর খেলার পাতায়)।

ইত্তেফাক/নূহু