মেঘনায় প্রিজাইডিং অফিসারের লাশ উদ্ধার, নিখোঁজ পুলিশ সদস্য

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২০:৫০

সোনারগাঁও উপজেলা পরিষদের নির্বাচনী দায়িত্ব পালন শেষে প্রত্যন্ত চরাঞ্চল চরকিশোরগঞ্জ থেকে উপজেলা সদরে ফেরার পথে প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যসহ ট্রলার ডুবির ঘটনায় আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুদিন পর প্রিজাইডিং অফিসার বোরহানউদ্দিনের লাশ উদ্ধার করেছে নৌ বাহিনীর ডুবুরি দল।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে চরকিশোরগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকার মেঘনা নদীর মোহনা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার সকালে মহিলা আনসার সদস্য রিতা আক্তারের লাশ উদ্ধার করা হয়।

ট্রলারডুবির ঘটনায় নিহত বোরহান উদ্দীন চরকিশোরগঞ্জ এলাকার চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার মেঘনা ঘাট শাখার ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপক। তার বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর গ্রামে। তিনি সোনারগাঁওয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার হাবিবপুর গ্রামে ভাড়া থাকতেন। তার স্ত্রী ও ২ ছেলে রয়েছে।

এদিকে ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়া। তাকে উদ্ধারের জন্য উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, মেঘনা নদীতে নিখোঁজের দুদিন পর প্রিজাইডিং অফিসার বেরহানউদ্দিনের লাশ উদ্ধার হয়েছে। তবে ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়া এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে। 

উল্লেখ্য, ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার শম্ভূপুরা ইউনিয়নের চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট গ্রহণ শেষে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় একটি ট্রলার। এতে প্রিজাইডিং অফিসার বোরহান উদ্দীন, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়া ও নারী আনসার সদস্য রিতা নিখোঁজ হন। পরে সোমবার সকালে চরহোগলা এলাকায় মেঘনা নদীর পূর্ব পাড়ে রিতার লাশ ভেসে উঠে। মঙ্গলবার বিকেলে প্রিজাইডিং অফিসার বোরহানউদ্দিনের লাশ উদ্ধার হয়।

ইত্তেফাক/জেডএইচ