‘হামলার বিচার-বহিরাগতদের না তাড়ানো পর্যন্ত ভিসি ভবনে অবস্থান’

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০১:০৩

এক ছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনায় বিচার দাবিতে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন ভিপি নুরুল হক নূর। শতাধিক শিক্ষার্থীসহ মিছিল নিয়ে নূর মঙ্গলবার বিকালে এস এম হলে ঢুকলে তাদের দিকে ডিম নিক্ষেপ করেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা। 

এদিকে,  এক ফেসবুক পোস্টে নুরুল হক নূর বলেন, আজকের হামলার বিচার এবং হল থেকে অছাত্র, বহিরাগতদের না তাড়ানো পর্যন্ত ভিসি বাস ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলবে। 

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হওয়া ফরিদ হাসানকে ছাত্রলীগ রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে- এমন অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে মারধরের ঘটনা ঘটে।

আরও পড়ুন: গতকালের চেয়ে আজকে খালেদার অবস্থা ভালো: বিএসএমএমইউ পরিচালক

মারধরের শিকার ফরিদ ওই হল শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ছাত্রলীগ থেকে মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র।

এর আগে অভিযোগ করা হয়েছিল, ডাকসু নির্বাচনের সময় বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে বাধ্য করে তাকে হল থেকে বিতাড়িত করেছে ছাত্রলীগ।

ইত্তেফাক/এমআই