রাসায়নিক আক্রমণ: ২৭১ সিরীয় গবেষকের উপর মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৭:০২
সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেখনে সন্দেহজনক রাসায়নিক অস্ত্র ব্যবহারের সাথে জড়িত থাকার অভিযোগে সিরীয় সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের (এসএসআরসি) ২৭১ কর্মচারীর ওপর সোমবার যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ বিভাগ একথা জানায়।
 
মার্কিন যুক্তরাষ্ট্র জানায়, সিএসআরসি’র এই ২৭১ জন কর্মচারী রসায়ন বিশেষজ্ঞ। তারা ২০১২ সাল থেকে এসএসআরসি’র রাসায়নিক অস্ত্র কর্মসূচি নিয়ে কাজ করে আসছে। মার্কিন অর্থমন্ত্রী স্টিভান নুশিনের বরাত দিয়ে খবরে বলা হয়, ‘এ পদক্ষেপের মধ্য দিয়ে আমরা এমন বার্তাই পাঠাচ্ছে যে, এ ধরনের অ-প্রথাগত অস্ত্র তৈরি এবং এর ব্যবহারের জন্যে আসাদ সরকারই দায়ী।’
 
তিনি বলেন, ‘সিরিয়ার রাসায়নিক অস্ত্র তৈরী এবং ব্যবহারের সাথে জড়িত সকল ব্যক্তির আর্থিক নেটওয়ার্ক ভেঙ্গে দিতে আমরা নিরলসভাবে চেষ্টা করে যাবো।’ উল্লেখ্য, গত ৪ এপ্রিল খান শেখনে সন্দেহজনক এ রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়। এতে সেখানে অনেক প্রাণহানি ঘটে। ওয়াশিংটন পোস্ট।
 
ইত্তেফাক/সাব্বির